অদিত্য রাসেল, সিরাজগঞ্জ : নলকূপের পানিতে অতিরিক্ত আয়রন সিরাজগঞ্জের ৮ গ্রামের মানুষের জন্য মহাবিপদের কারণ হয়ে উঠেছে।সিরাজগঞ্জের এই ৮ গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। গ্রামগুলো হচ্ছে : সিরাজগঞ্জ সদরের জারিলা, পোড়াবাড়ি, কড্ড্যা, মইশুরা। কামারখন্দ উপজেলার চালা, ভারাঙ্গা, মাথাভাঙ্গা, নান্দিনামধু। জানা যায়, গ্রামবাসীরা নলকূপের অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করে আমাশয়, গ্যাসট্রিক, পেট ব্যাথাসহ নানা রোগ-ব্যাধিতে ভূগছেন। এই পানি ব্যবহারেও বিড়ম্বনার অন্ত নেই তাদের। গোসল করলে মাথার চুল আঁঠালো হয়ে জটলা বেঁধে যায়। ধোওয়ার পর সাদা কাপড় লালচে হয়ে যায়। ভাত-তরকারি পায়েস রান্না করলে কালচে রং ধারণ করে। দুর্গন্ধের কারণে পানি পান করারও রুচি হয়না।আয়রনমুক্ত করার স্থানীয় প্রযুক্তি ব্যবহার করেও কূল-কিনারা হচ্ছেনা তাদের। তাই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি ভূক্তভোগি এলাকাবাসীর। জারিলা গ্রামের পল্লী চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রী নাসরিন আরা খানম জানান, টিউবওয়েলের পানি কিছুক্ষণ পাত্রে রাখলেই পানি লাল হয়ে যায়। বেশি সময় রাখলে পানির ওপর চিকচিক আবরণ জমে এবং পানির নীচে চুনের মত লালচে আস্তরণ জমে। পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, এই পানি পান করার সাথে সাথে পেট ব্যাথা হয়। মেহমান আসলে বোতলের পানি কিনে খাওয়াতে হয়। জারিলা গ্রামের মাওলানা ইবরাহিম হোসেনের বাড়ির নলকূপের অতিমাত্রায় আয়রন থাকার বিষয়টি কয়েক মাস আগে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জানানো হয়। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তাদের প্রযুক্তি অনুযায়ী ওই বাড়িতে একটি সরকারি নলকূপ বসায়। এই নলকূপের পানিতেও মাত্রাতিরিক্ত আয়রন ধরা পড়ে। এরপর ওই নলকুপের পানি জনস্বাস্থ্যের পরীক্ষাগারে নওয়ার পর পার লিটার পানিতে ৬ দশমিক ৫ মিলিগ্রাম আয়রন ধরা পরে। যা পান করার ও ব্যবহারের অযোগ্য বলে জানান সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মুজাহিদ হোসেন। তিনি জানান, পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি আয়রন বিদ্ধমান। পিউরিফিকেশনের মাধ্যমে আয়রনমুক্ত করে পানি পান কিংবা ব্যবহারের পরামর্শ দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহেল কাফি বলেন, ‘সহনীয় মাত্রার চেয়ে বেশি আয়রনযুক্ত পানি পান করলে হাড়-এ ইনফেকশন ও লিভার সিরোসিসসহ মানব দেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের মারাত্মক ক্ষতি সাধিত হয়। দেহের বিভিন্ন স্থানে আয়রন জমা হয়ে ক্ষতের সৃষ্টি করে। মানব দেহের এই ক্ষতি ধীরে ধীরে হয় বলে সহসাই টের পাওয়া যায়না।’ সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা- পোড়াবাড়িসহ আশপাশের এলাকার নলকূপের পানি ব্যবহার অনুপযোগি। তাই এই এলাকার মানুষের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে অতিসত্বর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন জরুরী।
রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন,২০১৪/ টিপু