বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূত ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীগণের জন্য নির্ধারিত ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
সেতু বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বোর্ডের চেয়ারম্যান এবং উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সভায় তিনি বলেন, “নির্মাণাধীন আবাসন প্রকল্পে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। যথাযথ নিয়ম অনুযায়ী ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বোর্ডকে জানানো হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবার ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হলো বলে জানানো হয় বোর্ডে।