বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।
বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে সোমবার (২৫ আগস্ট) বিকেলে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
২৬ আগস্ট সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। চার দিনব্যাপী এ বৈঠক আগামী ২৮ আগস্ট শেষ হবে।
সম্মেলনে সীমান্তে হত্যাকাণ্ড, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্ত চিহ্নিতকরণ, যৌথ টহল, সীমান্ত নিরাপত্তা জোরদারসহ দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।