অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নাম উল্লেখ না করেই তিনি সতর্ক করেছেন, একটি দল নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে।
রবিবার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন বানচালের কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার আমরা ততটা প্রস্তুত। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। বাকিটা নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের ওপর।”
অপর এক প্রশ্নে তিনি বলেন, “যে দলের কার্যকলাপ নেই তারা তো চাইবে নির্বাচনটা ভঙ্গ করার জন্য। তারা তো অবশ্যই চাইবে। এদের তো একটা সংখ্যা রয়ে গেছে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল ও আমাদের, আপনাদের সবার। সবাই মিলে চেষ্টা করতে হবে যেনো নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে না পারে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল রাতেও চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে। এখন কিছু ঘটনা ঘটে তো যাচ্ছে, বাট এগুলো যেন কমানো যায় আমরা সে বিষয়ে কাজ করছি। এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।”
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।