পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করেছে। একই সঙ্গে সুলভ মূল্যে দুধ, ডিম ও ব্রয়লার মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজানকে সামনে রেখে দুধ, ডিম ও মাংসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে করণীয় নির্ধারণের লক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ড্রেসড ব্রয়লার, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হবে। নির্ধারিত দামে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।
এছাড়া সিদ্ধান্ত হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করবেন।
প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় জনগণের চাহিদা অনুযায়ী ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রস্তাবিত স্থাপনা হিসেবে রয়েছে—সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিকনগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেলক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), মোহাম্মদপুর (বাবর রোড ও বসিলা), কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকা (বঙ্গবাজার)।
স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে স্থায়ী ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারে।