ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, “শরিফ ওসমান হাদি হত্যা মামলা সাগর-রুনি হত্যা মামলার মতো পেছানো হচ্ছে। এই সরকারের অধীনে বিচার পাওয়া সম্ভব না। তাই, জাতিসংঘের কাছে এই হত্যার তদন্ত করার আহ্বান জানাচ্ছি।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সসম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওসমান হাদি হত্যা মামলার সর্বশেষ অবস্থা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।
আবদুল্লাহ আল জাবের বলেছেন, “আমরা চার দিন যাবত চেষ্টা করছি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আমরা শঙ্কিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিদেশি তদন্ত কমিটি গঠন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
তিনি বলেন, “সুবর্ণচরের ধর্ষণকারীকে নিয়ে প্রচারণায় নেমেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন না হলে রাজনৈতিক দলগুলোকে তার দায় নিতে হবে।”
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “একটি দল বিভিন্ন জিনিস বিতরণ করছে, কিন্তু শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাইছে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ইশতেহার দিচ্ছে না। শুধু তারা ক্ষমতার জন্য রাজনীতি করছে। বিভিন্ন মিডিয়া একটি দলের পক্ষে ভোট চাচ্ছে। আগামী ১২ তারিখের নির্বাচনে ওই সমস্ত কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “নির্বাচনের দিন প্রশাসনসহ যারা দায়িত্ব পালন করবেন সবাইকে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করতে হবে। কারণ, আমরা দেখেছি, আগে প্রশাসনের লোকও অনিয়মতান্ত্রিকভাবে ভোট দিতো।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, প্রকাশনা সম্পাদক ফাহিম আব্দুল্লাহ প্রমুখ।