পবিত্র শবে বরাত উপলক্ষে গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টির আশায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।
এদিকে, পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে রাজধানীসহ দেশের মসজিদগুলোতে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহিমান্বিত রাতটি পার করছেন তারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই বায়তুল মোকাররমে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর সাত রাস্তার থেকে শবে বরাতে নামাজ আদায় করতে সন্তানদের নিয়ে বায়তুল মোকাররম আসছেন মো. জহিরুল ইসলাম। তিনি রাইজিংবিডি ডটকমককে বলেন, “এই মহামান্বিত রজনীতে সন্তানের নিয়ে ইবাদত-বন্দেগি করতে বায়তুল মোকাররমে আসছি অতীতের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায়। আশা করি রাত জেগে নফল নামাজ ও দোয়া-মোনাজাত করতে পারব ইনশাআল্লাহ।”
পুরান ঢাকার সূত্রাপুর থেকে শবে বরাতের রাতে নামাজ আদায় করতে এসেছেন আব্দুল লতিফ। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “পবিত্র শবে বরাতকে ভাগ্য রজনী হিসেবে গণ্য করে মুসলমানরা। এ রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত করে থাকি। মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহ থেকে মাফ চাই। দেশ ও জাতির মঙ্গল করি।”
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর থেকেই বিশেষ মোনাজাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আসকারে রাতভর ইবাদতে মগ্ন থাকবেন মুসল্লিরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নিরাপত্তায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, শবে বরাত উপলক্ষে মসজিদ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।