জাতীয়

দেশে পৌঁছেছে প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান। 

তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে।

এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন।

সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০ টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।পৌঁছানো ব্যালট গুলোর মধ্যে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।