জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করছে বাংলাদেশ। ইপিএ চুক্তির ফলে জাপানে তৈরি পোশাকসহ প্রায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপান সরকারের পক্ষে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও চুক্তিতে স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করল।
এই চুক্তির ফলে এখন থেকে তৈরি পোশাকসহ প্রায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানি বাজারে ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বিশেষ করে পোশাক খাতে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা যুক্ত হওয়ায় কাঁচামাল সংক্রান্ত কোনো জটিল শর্ত ছাড়াই বাংলাদেশি পণ্য জাপানে রপ্তানি করা যাবে।
পাশাপাশি জাপানের আইটি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, কেয়ারগিভিং এবং নার্সিংসহ মোট ১২০টি সেবা খাতে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কাজ করার সুযোগ তৈরি হবে, যা দেশের রেমিট্যান্স ও কর্মসংস্থানে অভূতপূর্ব অবদান রাখবে। বিনিময়ে বাংলাদেশও জাপানের জন্য ৯৮টি উপ-খাত এবং ১ হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা দিতে সম্মত হয়েছে।
এই চুক্তির ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি পাবে, উন্নত প্রযুক্তির স্থানান্তর ঘটবে এবং অবকাঠামো ও লজিস্টিকস খাতের মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। ফলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে। সূত্র: বাসস।