জাতীয়

সংঘর্ষের পর আবারো শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফার দফায় সংঘর্ষ শেষে আবারো শাহবাগ মোড়ে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় প্রথম দফায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এরপর সন্ধ্যা পৌনে আটটার দিকে কিছু নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগের চারপাশের সড়কে অবস্থা নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ সড়ে গেলে ফের শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।

রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চ এবং এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা সেখানে অবস্থান করছেন। এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টিরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে ইনকিলাব মঞ্চের কর্মী মো. ইয়াসিন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “আমরা হাদি হত্যার বিচার চাইতে এসেছি। কিন্তু, পুলিশ যেভাবে আজকে আমাদের ওপর হামলার করেছে, এটা ন্যক্কারজনক। অন্তর্বর্তী সরকারকে বলব, হাদি হত্যার বিচার নিয়ে যে টালবাহানা করছেন, তা আমরা হতে দেব না। ন্যায্যবিচার নিয়ে এখান থেকে যাব।”