বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ৫৪৭ ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮৬ কেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্র সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে জেলার সব ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘‘চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন সশস্ত্র থাকবে। পাশাপাশি সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।’’
তিনি আরও বলেন, ‘‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’’
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ‘‘সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পুরো কেন্দ্র নজরদারির আওতায় এসেছে। এতে নির্বাচনসংশ্লিষ্টরা ভোট গ্রহণ প্রক্রিয়া সহজে পর্যবেক্ষণ করতে পারবেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হবে।’’
এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থী এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।