ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৮ আসনে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভোট দেবেন সিইসি। ভোট প্রদান শেষে তিনি কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে নির্বাচন কমিশন ভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন। এছাড়া, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।