ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে দেশের অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন, অন্যান্য এলাকায় ১৭-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৭ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন দায়িত্বে থাকবেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ৯০ শতাংশ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যেসব জায়গায় সিসি ক্যামেরা স্থাপন সম্ভব হয়নি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বডিঅন ক্যামেরা ব্যবহার করবে। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এগুলোর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটকর্মী দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, নৌবাহিনীর উপকূলীয় ৫ জেলায় ৫ হাজার, বিমান বাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য। বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাব ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসি ১ হাজার ৯২২ জন দায়িত্বে থাকবেন।