জাতীয়

শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণের আশা রহমানেল মাছউদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত—এটাই আশা করি।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শুরু হওয়ার পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

অপর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। আলহামদুলিল্লাহ, ছোটখাটো ঘটনার বাইরে বড় কোনো সমস্যা দেখছি না।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এই বিপুল সংখ্যক ভোটারের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।