জাতীয়

নিরাপত্তা আর সম্মান চান মমতা রানী

ঢাকা-৬ আসনের রাজধানীর টিকাটুলির  শহীদ নবী  উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকেই ছিল ভোটারদের উপস্থিতি। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে আলাদা করে চোখে পড়েন মমতা রানী । বয়স পঞ্চাশের কাছাকাছি। সংখ্যালঘু সম্প্রদায়ের এই নারী ভোট দিয়ে বেরিয়ে এসে বললেন, ‘‘আমি নিরাপত্তা চাই, সম্মান চাই। সেই আশা থেকেই ভোট দিতে এসেছি।’’

মমতা রানীর কণ্ঠে ছিল না উচ্ছ্বাস, ছিল প্রত্যাশা আর কিছুটা শঙ্কা। তিনি বলেন, ‘‘ভোট আমার অধিকার। কিন্তু একজন সংখ্যালঘু হিসেবে নিরাপদে বাঁচার প্রশ্নটা সব সময় মাথায় থাকে। যারা ক্ষমতায় যাবে, তাদের কাছে আমার একটাই দাবি নিরাপত্তা আর সম্মান।’’

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। জানান, এখন পর্যন্ত কোনো বাধা বা ভয়ভীতি দেখেননি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এটুকুই বড় কথা,বলেন তিনি।

কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। কেউ সন্তান কোলে নিয়ে, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে এসে ভোট দেন। অনেকের মতো মমতা রানীর কাছেও ভোট মানে শুধু একটি ব্যালট নয় এটি নিজের অস্তিত্ব আর নিরাপত্তার প্রশ্ন।

ঢাকা-৬ আসনে এবারের নির্বাচন ঘিরে সংখ্যালঘু ভোটারদের মধ্যে বাড়তি সচেতনতা দেখা করা যাচ্ছে। অনেকেই বলছেন, তারা দল নয়, নিরাপত্তা ও ন্যায্য অধিকারকে প্রাধান্য দিয়েই ভোট দিচ্ছেন।