বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এরপর সাংবাদিকদের তিনি বলেন, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।” তিনি এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশের প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।
জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে উপদেষ্টা এ সময় আশাবাদ ব্যক্ত করেন।
পরে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।