জাতীয়

ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন: আরমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত যেভাবে ভোট চলছে, ফলাফল গণনা এবং ফলাফল যদি নির্বিঘ্নে হয়, যেই ঘোষণা আসুক আমরা মেনে নেব।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর কলেজ কেন্দ্রে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমি যদি পুরো আসনের দিকে তাকাই, তাহলে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের জনগণ ভোট দিচ্ছে।”

মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, “একটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না এটা ফলাফলের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে প্রক্রিয়ার ওপর। প্রথম প্রক্রিয়া হচ্ছে, নির্বাচন কমিশন যেসব প্রতিজ্ঞা করেছিল সিসিটিভি কভারেজ, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, সেগুলো নিশ্চিত হয়েছে কি না। দ্বিতীয়ত হচ্ছে, ভোট দেওয়ার সময় কোনো রকম হয়রানি বা কোনো রকম বাধাবিপত্তি আসছে কি না। তৃতীয়ত, ভোট গণনা এবং কেন্দ্রভিত্তিক ঘোষণার সময় কোনোরকম হস্তক্ষেপ হয়েছে কি না। এগুলোর ওপর নির্ভর করবে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে নাকি এটা ত্রুটিপূর্ণ হয়েছে।”

ঢাকা-১৪ আসনে জামায়াতের এই প্রার্থী অভিযোগ করে বলেন, যেসব কেন্দ্র নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছিল, গতকাল আমরা সেরকম বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখতে পাই, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। এরকমও তথ্য আমরা পেয়েছি যে, নির্বাচন কমিশনের নির্দেশে সিটি করপোরেশনের লোকজন ক্যামেরা লাগাতে এসে স্থানীয় কিছু প্রভাবশালীদের বাধার মুখে ক্যামেরা না লাগিয়ে চলে গেছে। এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয়।”