নির্বাচনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজধানীর ঢাকা-৫ আসনের রায়েরবাগ নিউ ভিশন হাজী মনির স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত করা হয় বিশেষ ‘বডি ওয়ার্ন ক্যামেরা’। এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৪, ঢাকা-৬, ঢাকা-৭ নির্বাচনি এলাকায় সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাকে ছোট আকৃতির ক্যামেরা লাগানো রয়েছে। এসব ক্যামেরা থেকে লাইভ ভিডিও ও অডিও ইন্টারনেটের মাধ্যমে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাচ্ছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল কেন্দ্রগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শুধু ভিডিও নয়, ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের কথোপকথনও শোনা যাচ্ছে। পাশাপাশি জিপিএস ট্র্যাকিং ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থান রিয়েল-টাইমে ম্যাপে দেখা সম্ভব হচ্ছে।
কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কোনো কেন্দ্রে হঠাৎ জটলা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হচ্ছে।
রায়েরবাগের একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই এক কামররুল হাসান জানান, সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বডি ক্যামেরা মাঠপর্যায়ে নজরদারিকে আরও কার্যকর করেছে। এতে ভোটারদের মধ্যেও আস্থা তৈরি হয়েছে এবং দায়িত্ব পালনে বাড়তি সতর্কতা বজায় রাখা সম্ভব হচ্ছে।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বলেও জানান তিনি।