ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের হার্ড কপি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নির্বাচন কমিশনে পৌঁছাবে। সেসব নথি পাওয়ার পর যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশ করা হবে।”
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব জানান, সব আসনের চূড়ান্ত ফলাফল শিট হাতে পাওয়ার পরই গেজেট প্রকাশ সম্ভব হবে। আজ সন্ধ্যা থেকে ফলাফল শিট কমিশনে আসা শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। যত দ্রুত চূড়ান্ত নথি পাওয়া যাবে, তত দ্রুত গেজেট প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।