জাতীয়

সিইসির শপথ পড়ানোর বিষয়ে চিঠি পায়নি ইসি: আনোয়ারুল 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চিঠি পাওয়ার এখনো সময় আছে।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আপাতত, আমি এতটুকু জানি।”

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “একজন নির্বাচন কমিশনার হিসাবে আমার বিশ্বাস ছিল, ভালো নির্বাচন হবে। আল্লাহ রহমতে ভালো নির্বাচন হয়েছে। আমরা প্রত্যাশার চেয়ে বেশি সফল বলে মনে করি।”

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়। ২৯৯ আসনে একযোগে ভোট গ্রহণ করা হলেও ২৯৭ টি আসনের ফল ঘোষণা করা হয়। আদলতের আদেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল ঘোষণা থেকে বিরত আছে নির্বাচন কমিশন। 

নির্বাচনে বিএনপির ও সমমনা ১২ দলের নির্বাচনি জোট ২১২ টি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন।