জাতীয়

ভোট পুনর্গণনার দাবি হাইকোর্টে জানাতে পারবেন প্রার্থীরা: ইসি

ভোট পুনর্গণনার দাবির বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আইনি পথ খোলা রয়েছে এবং প্রার্থীরা চাইলে হাইকোর্টে যেতে পারেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রতিনিধিরা ইসিতে এসে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য দীর্ঘক্ষণ শোনা হয়েছে এবং উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার বিষয় রয়েছে।’’

পুনর্গণনার দাবি ইসি মানবে কি না এ প্রশ্নে তিনি বলেন, “তাদের যে দাবি, সেই দাবিটির বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে, যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন। হাইকোর্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।”

নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘ইসি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা করেছে। গেজেট প্রকাশ নির্ধারিত সময়েই হয়েছে এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্টরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে কমিশন বিশ্বাস করে।’’

তিনি আরও জানান, ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রতিটি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে অস্ত্রসহ আনসার সদস্য, সুরক্ষা অ্যাপ, ড্রোন, হেলিকপ্টার, বডি-ওয়ার্ন ক্যামেরা এবং অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হয়েছে।’’

শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া ভোটের তফসিল প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।