নতুন সরকারের দায়িত্ব পালনে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে বর্তমান উপদেষ্টারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘‘নতুন সরকারের শপথ গ্রহণের আগপর্যন্ত উপদেষ্টারা তাদের সরকারি দায়িত্ব পালন করবেন।’’
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা জানান, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা উপস্থিত থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা অংশ নেবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘‘নির্বাচিত রাজনৈতিক দলের অনুরোধেই বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে সরকারি পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেই।’’
সার্কভুক্ত দেশগুলোর অতিথিদের আমন্ত্রণ কে দিচ্ছে এ প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‘বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে। বিজয়ী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই পুরো আয়োজন চূড়ান্ত করা হয়েছে। তারা যেভাবে চেয়েছে, সরকার সেভাবেই প্রয়োজনীয় সুবিধা দেবে। ধারণা করা হচ্ছে, অতিথির সংখ্যা হাজারের কাছাকাছি হতে পারে।’’
তারা (নবনির্বাচিত সরকার) সহযোগিতা চাইলে উপদেষ্টারা প্রস্তুত থাকবেন উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘‘দুর্যোগপূর্ণ সময়ে আমাদের দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা সেই দায়িত্ব যথাসাধ্য পালনের চেষ্টা করেছি। মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবে এটাই আশা।’’
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘‘বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ফয়েজ আহমদ তৈয়্যব মূলত নেদারল্যান্ডসে কর্মরত ছিলেন এবং তার পরিবারও সেখানে থাকে। দেড় বছর পরিবার থেকে দূরে থেকে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব শেষ হওয়ায় তিনি স্বাভাবিক জীবনেই ফিরে গেছেন।’’
‘‘কোনো উপদেষ্টা দায়িত্ব শেষে বিদেশে গেলে তা ‘সেফ এক্সিট’ হিসেবে দেখানোর সুযোগ নেই। আমি নিজেও আমন্ত্রণ পেলে বিদেশে যেতে পারি। এতে নাটকীয়তা তৈরির কিছু নেই,’’ বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘‘সব জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে এ সিদ্ধান্ত চূড়ান্ত। আদালতের নির্দেশেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে এবং ভবিষ্যৎ নির্বাচনগুলোও সেই কাঠামোর অধীনেই অনুষ্ঠিত হবে।’’
উপদেষ্টাদের কেউ নতুন মন্ত্রিসভায় থাকবেন কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। একটি সরকার যায়, আরেকটি সরকার আসে এটাই নিয়ম। অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য মন্ত্রিসভায় থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, বলেন তিনি।