মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. নাসিমুল গনি বর্তমানে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।
কর্মজীবনের শুরুতে ড. নাসিমুল গনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের জানুয়ারিতে তাকে রাষ্ট্রপতির সচিব পদ থেকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়। তিনি ২০০৯ সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের তৎকালীন স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা জামিরুদ্দিন সরকারের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব এম এ আকমল হোসেন আজাদের সঙ্গে বিশেষ দায়িত্বে রাখা হয়।
২০১৩ সালের ২৯ মে ড. নাসিমুল গনিকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়। তবে পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি পুনরায় প্রশাসনে ফেরেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর ২০২৪ সালের ২২ ডিসেম্বর ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিযুক্ত করা হয়। সর্বশেষ তাকে চুক্তিভিত্তিক নিয়োগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদায়ন করা হলো।