জাতীয়

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।”

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।

সাংবিধানিক বিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়। এ বিষয়ে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে স্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার শপথ পাঠ করান; স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার এ দায়িত্ব পালন করেন।

তবে চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংসদ কার্যকর নেই। স্পিকার পদ শূন্য এবং ডেপুটি স্পিকারও দায়িত্ব পালনে অক্ষম অবস্থায় রয়েছেন। ফলে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো নিয়ে সাংবিধানিক প্রশ্ন দেখা দিয়েছে।

এ অবস্থায়, নির্ধারিত তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে ব্যর্থ হলে, চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন-এমন ব্যাখ্যা সামনে এসেছে। সে প্রেক্ষাপটে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নাম আলোচনায় উঠে এসেছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি জোট ২১২টি, জামায়াত জোট ৭৭টি এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা ৮টি আসনে জয়লাভ করে।