সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী প্রার্থীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ এনসিপির এমপিরা।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রথমে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। এরপরই জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। বিএনপির নির্বাচত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন। পরে সংশয় কাটিয়ে শপথ নেন জামায়াতের নির্বাচিত প্রার্থীরা।
এসময় সংসদ সদস্য হিসেবে শপথ নেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা। দেরিতে আসায় ইশরাক হোসেন জামায়াত এমপিদের সঙ্গে শপথ নেন। তবে তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে তারা সভাস্থল ত্যাগ করেন।