জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি অফিস শুরু করেছেন। একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়। করিডোরজুড়ে বসানো হয় নতুন ফুলের টব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে প্রস্তুত ছিলেন।

নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনে প্রবেশপথে আর্চওয়ে বসিয়ে পরিচয়পত্র যাচাই শেষে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করানো হয়। ভবনের নিচতলায় সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াড মোতায়েন থাকতে দেখা গেছে। মূল ফটকেও ছিল বাড়তি নিরাপত্তা।

প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে সরকারের কার্যক্রমে গতি আনা, প্রশাসনে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করতে পারেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে রাতে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবসকে ঘিরে প্রশাসনে ছিল উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা ও সতর্কতার আবহ।