জাতীয়

শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়তে চান নতুন মন্ত্রী মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা, পল্লী উন্নয়ন ও সমবায় খাতকে নতুন করে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেই তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। এসব খাতে দীর্ঘদিনের জমে থাকা দুর্নীতি, অনিয়ম ও দুর্বলতাগুলো দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব তথ্য বলেন। 

মির্জা ফখরুল জানান, জনগণের প্রত্যাশা ও আস্থাই তার কাজের মূল প্রেরণা। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ও জনমুখী করতে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে এবং পল্লী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, সমবায় খাতকে শক্তিশালী করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে নীতি ও কার্যক্রমে গতিশীলতা আনা হবে। 

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত সহযোগিতায় এ মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।