জাতীয়

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানী‌তে বর্ণাঢ্য র‌্যালি করেছে ইসলামিক ফাউন্ডেশন।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থে‌কে র‌্যালি বের করা হয়। র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর গেটে এসে শেষ হয়। 

রমজান মা‌সে পবিত্রতা রক্ষার আহ্বান জা‌নি‌য়ে বের করা র‌্যালির নেতৃত্ব দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। 

এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহা. জাকির হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহবুব আলম, উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ আলম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি পূর্ব বক্তব্যে সচিব মো. কামাল উদ্দিন দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জা‌নি‌য়ে ব‌লেন, ‘‘মা‌হে রমজান আত্মশু‌দ্ধির মাস। এবাদত ব‌ন্দে‌গি ও সিয়াম সাধণার মাস। অসহায় মানু‌ষের পা‌শে থাকার মাস। এ প‌বিত্র মাস‌কে কা‌জে লা‌গি‌য়ে হালাল রু‌জির উপার্জ‌নে এবাদত ব‌ন্দে‌গির মাধ‌্যমে অন্ত‌রের ভেত‌রে বাই‌রে প‌বিত্রতা অর্জন ক‌রে মহান আল্লাহর নৈকট্য লাভ কর‌তে হ‌বে।’’ 

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুরূপ র‌্যালির আয়োজন করা হয়।