জাতীয়

১৮০ দিনের কর্মপরিকল্পনা শিগগিরই ঘোষণা করবে সরকার: জোনায়েদ সাকি

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সরকার শিগগিরই একটি ১৮০ দিনের সুস্পষ্ট কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই রোডম্যাপ উপস্থাপন করবেন।’’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সরকারের অগ্রাধিকার ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সাকি জানান, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যক্রম শুরু করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘‘আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হওয়ায় এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষা—এই চারটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘‘নির্বাচনকালে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা সময় নষ্ট বরদাশত করা হবে না।’’

দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ‘ক্লিন সরকার’ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।

১৮০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে সাকি বলেন, ‘‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।’’

এ ছাড়া রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।