রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করা, কাজের মধ্যে জবাবদিহিতা ও দায়বোধ নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব ও সেবাধর্মী মন্ত্রণালয় গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “বর্তমান সরকারপ্রধান আমাদের ওপর আস্থা রেখে দেশের যোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। তিনটি মন্ত্রণালয় সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা চেষ্টা করব দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে।”
তিনি আরো বলেন, “অপচয় রোধ করার মাধ্যমে জনগণের অর্থ যাতে জনগণের প্রয়োজনেই ব্যবহৃত হয় সেটি আমাদের অগ্রাধিকার থাকবে।সব প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে। সত্যিকার অর্থেই সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “জনগণ যে ম্যান্ডেট দিয়ে আমাদেরকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন সেই ম্যান্ডেট বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম উদ্দেশ্য।আমরা জনগণের আস্থার প্রতিদান দিতে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।”
নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, “আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোকে কিভাবে আরো সেবাধর্মী করা যায়, সাধারণ মানুষের আরো বেশি কাছে যাওয়া যায়, প্রতিষ্ঠানগুলোকে কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা যায় সেটি নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কর্তব্য। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সরকার প্রধান আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা কথায় নয়, আমাদের কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চাই। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চাই।”
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের পরিবহন খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসানকে সচিবালয়ে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।