রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারো শুরু হলো পবিত্র মাহে রমজান। প্রথম তারাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ভিড় দেখা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, “আল্লাহর হুকুম মেনে চললে দেশে শান্তি আসবে।”
এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বছরের প্রথম তারাবির জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা যায়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক আধ্যাত্মিক আবহে শুরু হওয়া এই তারাবির নামাজের মধ্য দিয়েই দেশের মুসলিম উম্মাহ আনুষ্ঠানিকভাবে রমজানের ইবাদত-বন্দেগির যাত্রা শুরু করল।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সন্তানকে নিয়ে প্রথম তারাবির নামাজ আদায় করতে এসেছেন আব্দুল লতিফ মোল্লা। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “গত এক বছর মহান আল্লাহর কাছে দোয়া করেছি যেন এ বছর রমজান পাই। রমজান হলো পবিত্র মাস। এই পাশে মহান আল্লাহ তায়লা আমাদের সব ইবাদতে অনেক বেশি সওয়াব দান করেন। দোয়া করি এবার রমজানে যেন সারা দেশের মানুষ শান্তিতে ইবাদত করতে পারে।”