সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে এবং সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর এবং মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।