জাতীয়

বায়তুল মোকাররমে গণ-ইফতার

ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে রোজাদারের ভিড়। দোয়া-দরুদ আর তাসবিহ-তাহলিলে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। ঠিক সময় হলে একসঙ্গে ইফতার করে রোজা ভাঙেন হাজারো মানুষ।

প্রথম রমজান উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এমন দৃশ্য দেখা যায়।পবিত্র রমজানজুড়ে এখানে রোজাদারদের জন্য প্রতিদিন গণ-ইফতারের আয়োজন করা হয়েছে।

ইফতারের এই আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, দাওয়াতে তাবলীগ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সারা বছরই মুসল্লিদের পদচারণায় মুখরিত থাকে। তবে রমজান মাসে এর মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়। এ সময় নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও নফল ইবাদতে ব্যস্ত থাকেন মুসল্লিরা।

মসজিদের খাদেম খালিদ জানান, ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে। “এখানে যে কেউ এসে ইফতার করতে পারেন,” বলেন তিনি।

দাওয়াতে তাবলীগের বায়তুল মোকাররম ইউনিটের সভাপতি হাজী মো. আবুল কালাম বলেন, “আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা এ আয়োজন করেছি। রোজাদাররা এখানে এসে একসঙ্গে ইফতার করছেন এটাই আমাদের আনন্দ।”

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি বলেন, “হাজারের বেশি মানুষ এখানে ইফতার করছেন—এটাই আমাদের প্রাপ্তি। রোজাদারদের ইফতার করাতে পারছি, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”