পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর থেকেই দলে দলে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন।
দুপুর ১টার মধ্যেই মসজিদের ভেতর-বাহির ও প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই আশপাশের সড়কে কাতারবন্দি হয়ে জুমার নামাজ আদায় করেন।
বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে এখানে ছুটে আসেন।
মালিবাগ থেকে ছেলেকে নিয়ে নামাজ পড়তে আসা বশির আহমেদ বলেন, “রমজানে জুমার বিশেষ ফজিলত আছে। প্রতি রমজানের প্রথম জুমায় আমি বায়তুল মোকাররমে নামাজ পড়ি। এবার প্রথমবারের মতো ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি।”
টিকাটুলি থেকে আসা মাহমুদ আনসারী বলেন, “রমজানের প্রথম জুমা, তাই আগে থেকেই চলে এসেছি। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন।”
এদিকে, প্রথম জুমাকে ঘিরে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পল্টন মোড় থেকে মসজিদ চত্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
দুপুর ১টা থেকে বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক রমজানের মহত্ত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন। বেলা ১টা ৩০ মিনিটে জুমার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।