জাতীয়

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে র‍্যাবের নিশ্চিদ্র নিরাপত্তা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান।

তিনি বলেন, “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে র‌্যাবও ২১ ফেব্রুয়ারি এর নিরাপত্তা জোরদার করেছে। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ইতোমধ্যে জারীকৃত সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব কাজ করছে।”

তিনি আরো বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য ঢাকাস্থ ব্যাটায়িলয়নের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকার অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও ঢাকা মহানগরীসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অমর একুশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারিসহ সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের সদস্যগণ যেন শহীদ মিনার অঙ্গনে প্রবেশ করে কোনরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে র‌্যাব তৎপর রয়েছে। ভিভিআইপি/ভিআইপি/রাজনৈতিক নেতৃবৃন্দের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।” 

এছাড়াও উক্ত সময়ে যে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করণসহ র‌্যাব’কে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো বরে জানান তিনি।