প্রথমবারের মতো ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০মিনিটে তাঁর গাড়িবহর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে পৌঁছায়।
কার্যালয়ে পৌঁছানোর পর তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি অনেক পুরোনো কর্মকর্তা-কর্মচারীকে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এদিকে, কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দায়িত্ব গ্রহণের প্রথম দুই দিন ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে অফিস করেন।