ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ অথবা তার দুই তিন দিন আগেই বসতে পারে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হবে।
তিনি জানান, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিনই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে নতুন সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।
এর আগে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপের নাম চূড়ান্ত করা হয়নি।