জাতীয়

দুর্নীতি করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “আমরা দুই মন্ত্রী দুর্নীতি করব না, করতে দেব না। এটা আমাদের অঙ্গীকার।”

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আমরা দুজনেই দুর্নীতি করব না। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত থাকবে। সব সেক্টর দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে, রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব।”

অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত শিক্ষা খাত গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কেউই দুর্নীতি করব না। মন্ত্রণালয়ের কাজে কোনো রাজনীতিকরণও হবে না।”

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ অন্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।