হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।
আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা দেখব উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা।
মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বলে জানান। এ ছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।