ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রণয় ভার্মা বলেন, “আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি। আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরো জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”
নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা এবং শপথ অনুষ্ঠানের স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ ও চিঠি হস্তান্তরের কথা মনে করিয়ে দিয়ে হাইকমিশনার জানান, এরই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ।
প্রণয় ভার্মা বলেন, “এসব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার এবং আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।”