আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা রাইজিংবিডি ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করার চেষ্টা করবো। দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি কর্পোরেশনে আমি এবং আসিফ মাহমুদ আলোচনায় আছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে দলের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক পদমর্যাদার এক নেতা নাম না প্রকাশ করার শর্তে রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দলে প্রাথমিক আলোচনা হয়েছে। আলোচনায় ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নাম উঠছে। তবে আমরা ১১ দলীয় জোট থেকে নির্বাচন করবো। দুই সিটিতেই এনসিপি থেকে প্রার্থী দেওয়া হয়ত সম্ভব হবে না। এজন্য জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোন দল কোন সিটিতে প্রার্থী দিবে।”
প্রসঙ্গত, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এজন্য তিনি কুমিল্লা থেকে স্থান পরিবর্তন করে ঢাকা ১০ আসনের ভোটার হয়েছিলেন। তবে শেষমেষ নির্বাচনে অংশ না নিয়ে এনসিপির মুখপাত্র পদ নেন এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে আরিফুল ইসলাম আদীব ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মোট ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।