জাতীয়

ভোটার দিবস উদযাপনে ইসির ৫৭০ কমিটি গঠন

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে ৫৭০টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা যায়, দিবসটি উদযাপন করতে আট বিভাগে বিভাগীয় কমিশনারদের সভাপতি করে ৮টি কমিটি, কুমিল্লা ও ফরিদপুর প্রশাসনিক অঞ্চলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২টি কমিটি, জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের (ডিসি) প্রধান করে ৬৪টি কমিটি এবং দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সভাপতি করে ৪৯৫টি কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়া, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে একটি কেন্দ্রীয় কমিটিও রয়েছে। সব মিলিয়ে সারাদেশে মোট ৫৭০টি কমিটি কাজ করবে।

সম্প্রতি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস নির্ধারণ করে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই কর্মসূচি চূড়ান্ত করা হবে। 

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার–এর সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও দিবসটি উদযাপন শুরু হয়। ২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালন করা হলেও ‘বীমা দিবস’ থাকায় ২০২০ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬০টি। সর্বশেষ তথ্যানুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।