আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না। রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাব যা-ই থাকুক না কেন, পুলিশের বৈধ দায়িত্ব পালনে কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা দেয় বা হস্তক্ষেপ করে, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক, কেউই পুলিশের বৈধ দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
একই সঙ্গে তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে যেন সাধারণ মানুষ অযথা ভোগান্তির শিকার না হয়, সেদিকেও নজর রাখা হবে। পুলিশের কার্যক্রম আইনসম্মত ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।