নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিষ্ক্রিয় (ডি-এক্টিভেট) করে জনগণ ও সংবাদমাধ্যমকে সতর্কতার সঙ্গে শুধু অফিশিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান রেখেছেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও সাংবাদিকদের একই তথ্য দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আবদুস সাত্তার বলেন, “দেশের সর্বসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্টসমূহ নিষ্ক্রিয় করা হয়েছে।”
তিনি বলেন, ‘‘এমন অবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমি দায়ী থাকব না,”
‘‘জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধু অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সর্তক থাকুন,” যোগ করেন তিনি।
গত মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠনের পর তারেক রহমানের মুখ্য সচিব পদে আবদুস সাত্তারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
আবদুস সাত্তার গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তিনি দীর্ঘসময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।