স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বড় পরিবর্তন এনেছে সরকার। অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় এ নিয়োগ দেওয়া হলো।
উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে (পরিচিতি নম্বর: ৫২৯১) আগামী এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এই নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মনজুর মোর্শেদ বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-সচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান।
আওয়ামী লীগ আমলে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।
সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়।
এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিল।