সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মিয়া আবদুল্লাহ ওয়াজেদের নামাজে জানাজা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান। এর আগে তার বড় ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আবদুল্লাহ ওয়াজেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য আবু ওয়াহাব আকন্দসহ (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ ওয়াজেদ বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং শিল্প-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।