জাতীয়

নামজারি-খতিয়ানের ফি কত? সারা দেশে ভূমি অফিসে টাঙানোর নির্দেশ

নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপসহ বিভিন্ন ভূমিসেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে দেশের সব ভূমি অফিসে স্থায়ী সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও সার্কেল ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসেও নির্ধারিত ফি তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে।

চিঠিতে বলা হয়েেছে, ৪ ফুট বাই ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে হবে। নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নামজারি ফি নামজারির ক্ষেত্রে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা নির্ধারিত রয়েছে। সব মিলিয়ে নামজারিতে মোট ফি ১ হাজার ১৭০ টাকা।

খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপি পেতে ১২০ টাকা দিতে হবে। ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল প্রযোজ্য হবে।

মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য নির্ধারিত ফি ৫৪৫ টাকা। ডাকযোগে সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত ১১০ টাকা ডাক মাশুল দিতে হবে।

নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবার ফি শুধু অনলাইনে পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নগদ লেনদেন করা যাবে না।

এ ছাড়া নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হলে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়।