জাতীয়

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাইজিংবিডি ডটকমকে বলেন, “আগামী ১০ মার্চ বগুড়ায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে সারা দেশের ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে।”

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার প্রাথমিকভাবে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করেছে।

তিনি আরো জানান, আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে সার্বজনীন করা হবে।

জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন।

প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।