প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ছুটির দিনেও অফিস করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তার উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান তারেক রহমান। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ই ছিল তার দিনের প্রধান কর্মসূচি। তিনি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, শনিবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করছেন তারেক রহমান। এর আগে গত শনিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যান তিনি।