ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
তিনি বলেন, “সম্ভাব্য ভূমিকম্পের পর তাৎক্ষণিক আশ্রয় নিশ্চিত করতে রাজধানীর খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেই চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
তিনি জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক সমন্বিত পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এই পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে করণীয় চূড়ান্ত করা হবে।